যশোরে দুই সিবিএ নেতাকে আটকের পর যুবদল নেতার মামলা
ফাইল ছবি
যশোর অফিস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০০:৩৪
যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদককে আটকের পরদিন শনিবার তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেছেন যুবদল নেতা। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা ওই মামলায় তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেন। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ। শনিবার সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে দুই সিবিএ নেতাসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ে আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা শনিবার রাতে বলেন, ‘শুক্রবার দুই সিবিএ নেতাকে থানা-পুলিশ আটক করে আমাদের হেফাজতে দেয়। আমরা জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছি। থানায় তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।’
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছিল এমন অভিযোগের ভিত্তিতে সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেনকে হেফাজতে নেওয়া হয়। শনিবার নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।
মামলার বাদী সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, ‘দুই সিবিএ নেতাসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা মিলনায়তনে নাশকতা ও দেশকে অস্থিরতা করতে মিটিং করছেন জানত পেরে পুলিশকে জানাই। পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে বাদী হয়ে মামলা করেছি।’
অপর একটি সূত্রে জানা গেছে, এনামুল হক ও রোবেল হোসেন ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকার একটি সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেই।
