ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুলতানের তুলি ফুটিয়ে তুলেছিল মানুষের ছবি

সুলতানের তুলি ফুটিয়ে তুলেছিল মানুষের ছবি
×

ছবি: সমকাল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ২০:৪৯

এস এম সুলতান তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছিলেন খেটে খাওয়া মানুষ ও প্রকৃতির ছবি। নড়াইলকে তিনি তুলে ধরেছিলেন বিশ্বদরবারে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন। 

রোববার সকালে নড়াইলের কুড়িগ্রামের সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিল্পীর মাজারে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় আলোচনা সভার।

সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, চলতি মাসেই বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান হবে। সুবিধাজনক সময়ে বড় আয়োজনের আশ্বাস দেন তিনি। 

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী এস এম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তাঁর মৃত্যু হয়। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ আখ্যায় ভূষিত সুলতানকে শহরের কুড়িগ্রামে সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাহিত করা হয়। শিল্পকলায় স্বীকৃতিস্বরূপ শিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। ১৯৮৪ সালে তিনি রেসিডেন্ট আর্টিস্টের স্বীকৃতি পান। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা লাভ করেন। এ ছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ ও এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। 
 

আরও পড়ুন

×