ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘বিতর্কিত’ কাউন্সিলর তালিকা নিয়ে প্রার্থীদের মধ্যে উত্তেজনা

‘বিতর্কিত’ কাউন্সিলর তালিকা নিয়ে প্রার্থীদের মধ্যে উত্তেজনা
×

.

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ২৩:৩৪

দীর্ঘ ১৫ বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শহরের বালুডাঙ্গা এলাকার নওগাঁ কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে এলাকা সেজে উঠেছে।  
সম্মেলনে জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌর কমিটির মোট এক হাজার ৪১৪ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক– এই তিন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। 
কাউন্সিলে সভাপতি পদে আটজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন আটজন প্রার্থী।
সম্মেলনের আগেই ‘বিতর্কিত’ কাউন্সিলর তালিকা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, প্রকৃত ত্যাগী ও দীর্ঘদিন দলের জন্য সংগ্রাম করা অনেক নেতাকে তালিকা থেকে বাদ দিয়ে ব্যক্তিগত পছন্দের লোকদের কাউন্সিলর করা হয়েছে। এতে প্রকৃত কর্মিবান্ধব নেতৃত্ব গঠন ব্যাহত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
কাউন্সিল তালিকা নিয়ে অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করেই সব কমিটি গঠন করা হয়েছে। এখানে ব্যক্তিগতভাবে কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদুর রহমান রিপন জানান, তিনি বিশ্বাস করেন, কাউন্সিলররা যোগ্য, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্বকেই বেছে নেবেন। দলের ঐক্য, শক্তি ও ভবিষ্যৎ গঠনে তিনি সব সময় কাজ করে এসেছেন। এ কারণে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
সভাপতি পদপ্রার্থী আবু বকর সিদ্দিক নান্নু বলেন, দীর্ঘদিন ধরে দলের তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে সততা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করেছি। দলের ঐক্য ও পুনর্গঠনে অবদান রাখাই আমার লক্ষ্য। তিনি আশাবাদী, কর্মীদের সমর্থন তাঁর পক্ষে থাকবে। 
দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত থাকবেন এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 

আরও পড়ুন

×