সমালোচনার মুখে সার্কিট হাউস মাঠে দেয়াল নির্মাণ বন্ধ
ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ০০:৪৩
সমালোচনার মুখে বন্ধ হয়েছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের সালামি মঞ্চ ঘিরে দেয়াল নির্মাণ। গতকাল রোববার বিকেলে এই কাজ শুরু হলে অনলাইনে প্রতিবাদ জানাতে থাকেন নেটিজেনরা। এর পরই দেয়াল ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন।
ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সার্কিট হাউস মাঠটি স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন হাজারো মানুষ সেখানে খেলাধুলা ও হাঁটার জন্য আসেন। মাঠের একপাশে সালামি মঞ্চটি সাধারণত ভিভিআইপি অতিথিদের গার্ড অব অনার গ্রহণের জন্য ব্যবহৃত হয়। এই মঞ্চটি খোলা হওয়ায় মাঠের প্রাকৃতিক সৌন্দর্য বজায় ছিল। হঠাৎ করে মঞ্চের চারপাশে দেয়াল নির্মাণ শুরু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই ফেসবুকে এই কাজের ছবি শেয়ার করে প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেন। তাদের মতে, দেয়ালটি নির্মাণ হলে মাঠের খোলামেলা পরিবেশ নষ্ট হবে এবং খেলাধুলায় ব্যাঘাত ঘটবে।
ব্যাপক সমালোচনার মুখে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। সন্ধ্যা ৭টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, দেয়াল নির্মাণের জন্য রাখা ইটগুলো সরানো হচ্ছে এবং শ্রমিকরা গর্ত ভরাট করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ বন্ধ করে মাটি দিয়ে গর্ত ভরাট করতে বলেছেন।
লেখক ও এক্টিভিস্ট আবুল কালাম আল আজাদ সমকালকে বলেন, এদেশে আমলাদের মনে কোনো দরদ নাই। নইলে এত সুন্দর সার্কিট হাউস মাঠে কেন এরা বারবার ছুরি চালাতে আসে? নাগরিকদের জন্য একটা খালি জায়গা কি তারা তৈরি করেছে? আমরা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে মাঠ থেকে দেয়ালসহ ইট-সুরকি সরিয়ে না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, সালামি মঞ্চের সামনে অনেকেই গাড়ি পার্কিং করতেন। মূলত এ কারণেই সেখানে ছোট আকারের দেয়াল নির্মাণ করে জায়গাটি ঘিরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে এক খুদে বার্তায় তিনি বলেন, ‘এটা সালামি মঞ্চ। ভুল করে উঁচু করে ফেলেছে। আমি সরিয়ে নিতে বলেছি।’
- বিষয় :
- মাঠ প্রশাসন
