আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ’র দাবি ছাত্রদল সভাপতি রাকিবের
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ২১:৩৫
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব)। আজ সোমবার দুপুরে সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, একাত্তরে মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে আমরা দ্রুত ব্যবস্থা নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো আগস্টের গণ-আন্দোলনের ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। অতীতে ছাত্ররাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
এ দিকে দীর্ঘ একুশ বছর পর সরাসরি ভোটে মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের নেতা নির্বাচিত হয়েছে। সোমবার এমসি কলেজ অডিটোরিয়ামে কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি ও জুনেদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিলের কার্যক্রম। ভোটার ছিলেন ৬৩৯ জন। আর সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা যায়, ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্যসচিব করে এমসি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। পরে এই কমিটির আহ্বায়ক বিদেশ চলে গেলে প্রথম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সাগরকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।
- বিষয় :
- সিলেট
- ছাত্রদল
- রাকিবুল ইসলাম রাকিব
