ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারাবন্দী যবিপ্রবির সাবেক ভিসি সাত্তার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

কারাবন্দী যবিপ্রবির সাবেক ভিসি সাত্তার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
×

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার।

যশোর অফিস

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ০৮:০৪

দুর্নীতি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, সোমবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা ও মুখ দিয়ে লালা বের হচ্ছিল সাবেক ভিসি সাত্তারের। স্ট্রোকের আশঙ্কায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। হাসপাতালে কয়েকজন কারারক্ষী তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

এদিকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, কারা হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হোসেন দ্রুত হাসপাতালে যান। হাসপাতালের পুরুষ পেয়িং ওয়ার্ডে দেখা যায়, একটি বেডে ৬৮ বছর বয়সী আব্দুস সাত্তারের চিকিৎসা চলছে। একজন পুলিশ সদস্য ও দুজন কারারক্ষী তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আত্মীয় ও যবিপ্রবির শিক্ষক-কর্মকর্তারা তাকে দেখতে আসেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সাফায়েত হোসাইন বলেন, তিনি শঙ্কামুক্ত নন। সিটি স্ক্যানের মাধ্যমে জানা গেছে, তার মাথায় রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে। তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে। কালকে (আজ) সকালে তার চিকিৎসায় একটি টিম গঠন করা হবে।

এদিকে, বাবার অসুস্থ হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে আবদুস সাত্তারের ছেলে ওয়াসিফ সাত্তার। তিনি লিখেছেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের পদ গ্রহণের জন্য সত্তর বছর বয়সে আমার বাবাকে কারাগারে যেতে হলো। তার শারীরিক অবস্থার কথা বারবার আদালতে জানানো হলেও তিনি জামিন পাননি। অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারে তিনি স্ট্রোক করেছেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের শুভবুদ্ধির উদয় হোক।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৬ জুন অবৈধভাবে নিয়োগ এবং সরকারি ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কারাগারে রয়েছেন সাবেক এই উপাচার্য। দুদকের দুটি মামলায় প্রায় দেড় মাস ধরে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন। ২০ আগস্ট তার হাজিরার পরবর্তী দিন ধার্য রয়েছে।

আরও পড়ুন

×