রূপপুর প্রকল্পে নিরাপত্তা পর্যবেক্ষণ শুরু
ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১৩:০০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক নম্বর ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের আগে নিরাপত্তা পর্যালোচনার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রি-ওসার্ট (পারমাণবিক প্রকল্পের উৎপাদন শুরুর আগের পর্যবেক্ষণ) দল কার্যক্রম শুরু করেছে।
আইএইএ-এর সিনিয়র নিউক্লিয়ার সেফটি অফিসার সাইমন ফিলিপ মরগান এর নেতৃত্বে ১৫ সদস্যের প্রি-ওসার্ট টিম ইতোমধ্যে রূপপুরে পৌঁছেছে।
মঙ্গলবার রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, আইএইএর অপারেশনাল সেফটি সেকশন হেড জুরাজ রোভনি ডেপুটি টিম লিডার হিসেবে এই টিমে দায়িত্ব পালন করছেন। আইএইএ টিমের সঙ্গে সোমবার প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে রূপপুরে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।
প্রি-ওসার্ট টিম প্রকল্পের নেতৃত্ব এবং ব্যবস্থাপনা ব্যবস্থা, প্রশিক্ষণ ও যোগ্যতা, পরিচালনা প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, প্রকল্পের প্রযুক্তিগত দিক, পরিচালনা অভিজ্ঞতা, প্রতিক্রিয়া, বিকিরণ সুরক্ষা ব্যবস্থা, রসায়ন, জরুরি প্রস্তুতি, দুর্ঘটনা ব্যবস্থাপনা ব্যবস্থা এবং কমিশনিং প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।
আগামী ২৭ আগস্ট পর্যন্ত পর্যবেক্ষণ কার্যক্রম চলবে জানিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, আইএইএ টিমের প্রি-ওসার্ট মিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে ইউনিট-১-এর পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিংয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হবে।
তিনি আরো বলেন, সব প্রস্তুতি শেষে রাশিয়া থেকে সরবরাহকৃত ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি (ইউরেনিয়াম) রিঅ্যাক্টর কোরে স্থাপন করা হবে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘জ্বালানি লোডিং’। এই কার্যক্রমের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন লাগবে।
রূপপুর প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ জ্বালানি লোডিংয়ের কার্যক্রম শুরু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কারণে প্রি-ওসার্ট মিশন পরিচালনা করা প্ল্যান্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মিত হচ্ছে।
- বিষয় :
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
