স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার
মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার। ছবি-সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১৬:২৪
সিরাজগঞ্জে শাহজাদপুরের ‘বুড়ি-পোতাজিয়া’ নামক স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে মঙ্গলবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি পালন করা হয়। লাগাতার আন্দোলনের ১৭তম দিনে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে মহাসড়কে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ।
সেমিনারে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কর্মকর্তা চন্দ্রন মণ্ডল ও গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। সেমিনারে সভাপতিত্ব করেন প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন না পাওয়ায় দীর্ঘদিন ধরে মহাসড়কের চলমান আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি বার বার পরিবর্তন করে দশ হাজার কোটি টাকা ৫২০ কোটি টাকায় সর্বশেষ সংশোধন করা হয়েছে। গণমাধ্যমে এ সংক্রান্তে বিগত দিনের আন্দোলনের সংবাদ প্রকাশ পাওয়ায় দেশব্যাপী আলোচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের লাগাতার আন্দোলন প্রত্যক্ষ করলেও সরকারের পক্ষ থেকে এখনো ইতিবাচক সারা পাওয়া যায়নি। যে কারণে গত ২৬ জুলাই থেকে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। সেমিনারে এসব বিষয়ে আলোচিত হয়।
- বিষয় :
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
- আন্দোলন
