ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ১৬:২৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ | ১৭:১৬

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।

আটক সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে। ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ভাতা প্রদানের একটি তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তালিকার ‘সি’ ক্যাটাগরিতে সেলিম রেজার নাম রয়েছে।

সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বোতল ফেনসিডিলসহ জুলাই যোদ্ধা সেলিম রেজাকে আটক করা হয়। এছাড়াও তার কাছে নগদ ৪২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও জুলাই যোদ্ধার একটি কার্ড পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জেলার তালিকাভুক্ত অপর জুলাই যোদ্ধা রায়হান অপু সমকালকে বলেন, ‘জুলাই যোদ্ধা সেলিম রেজা মাদকসহ ধরা পড়েছে এটি ভালোভাবে প্রচার করা হচ্ছে। কিন্তু সেই আটক জুলাই যোদ্ধা যে সক্রিয় যুবদলের কর্মী ছিলেন সে বিষয়টি প্রচার করা হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা বেশ মর্মাহত।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×