ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

খুবি ছাত্রীকে যৌন হয়রানি

তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষকের ক্লাস করবেন না শিক্ষার্থীরা

তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষকের ক্লাস করবেন না শিক্ষার্থীরা
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ | ২১:২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে ওঠা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে। এই তদন্ত চলাকালে অধ্যাপক রুবেল আনসারের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তারা এ ঘোষণা দেওয়ার পর থেকে অধ্যাপক রুবেল আনসারের ক্লাস আর হয়নি।

এই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। তারই বিভাগের এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে এ অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন জানিয়েছেন, অভিযোগ তদন্তের জন্য সাত সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে জমা দেওয়া তিন পাতার অভিযোগে ওই ছাত্রী ধারাবাহিকভাবে তাকে হয়রানির অভিযোগের বিভিন্ন বর্ণনা দেন। প্রমাণ হিসেবে ওয়াটসঅ্যাপে পাঠানো স্ক্রিনশর্টও জমা দিয়েছেন।

অভিযোগের একটি অংশে শিক্ষার্থী উল্লেখ করেন, ‘হঠাৎ তিনি (শিক্ষক) এক দিন কল দেন এবং তার সঙ্গে দেখা করার অনুরোধ করেন। আমি নিরালা মোড়ে গেলে তিনি কিছু কথা বলার অনুরোধ করে গাড়িতে উঠতে বলেন। তখন কথা বলার এক পর্যায়ে গাড়ির ভেতরে সরাসরি অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি বলেন, আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩.৫০ হয়ে যাবে। এসব শোনার পর আমি দ্রুত গাড়ি থেকে নেমে কোনোরকমে আত্মরক্ষা করি।’

অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. রুবেল আনসার এক ফেসবুক পোস্টে বলেন, ‘বিষয়টি ভিত্তিহীন, অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্তে যদি আমার দোষ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদেয় শাস্তি আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যদি এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা না থাকে, তদন্ত শেষে তাও সবাই জানতে পারবেন। কাজেই প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্যধারণ করার অনুরোধ করছি।’

আরও পড়ুন

×