স্থায়ী ক্যাম্পাস নির্মাণ দাবি
৬ ঘণ্টা পর রেলপথ ছাড়লেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে ঢাকা-ঈশ্বরদী রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: সমকাল
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ১৭:০২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সরাসরি প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) অনুমোদন ও পূর্ণ-বাস্তবায়নের দাবিতে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস থেকে ১৫ কিলোমিটার উত্তরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে ঢাকা-ঈশ্বরদী রেলপথ অবরোধ করেন তারা। পরে পৌনে তিনটার দিকে অবরোধ তুলে নেয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও কর্মচারীরাও চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সকাল ৯টা ৫ মিনিট থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় পৌনে ছয় ঘণ্টা অবরোধে উভয় দিকে ধুমকেতু, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, সিল্কসিটি, চিলাহাটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসসহ ছয়টি ট্রেন উভয়দিকে আটকা পড়ে। ঢাকা-ঈশ্বরদী অবরোধের কারণে ঢাকা-উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটে। এতে তীব্র দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পুনরায় ট্রেন চলাচল শুরু হয় ট্রেনগুলি গন্তব্য স্থলের দিকে চলে যায় বলে উল্লাপাড়ার কর্তব্যরত স্টেশন মাস্টার মাসুম আলী খান বিকালে জানান।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার যমুনা সেতুর পশ্চিমপাড়ের গোলচত্বর ও সয়দাবাদ এলাকায় আন্দোলনকারীদের ঢাকা-রংপুর-রাজশাহী মহাসড়ক ও ঢাকা-রাজশাহী-উত্তরাঞ্চল রেলপথ অবরোধের নতুন কর্মসূচি রয়েছে। আন্দোলনকারীদের পক্ষে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাকারিয়া হোসেন কর্মসূচি পালন শেষে এ ঘোষণা দেন।
এর আগে, সকাল ১০টায় উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানালেও শেষ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যায়। বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন অব্যাহত ছিল।
লাগাতার আন্দোলনের ১৮তম দিনে শিক্ষার্থীরা ‘রেল ব্লকেড’ কর্মসূচিতে ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু আন্তঃনগর ট্রেন জামতৈল স্টেশনে, রংপুর এক্সপ্রেস সয়দাবাদ স্টেশনে এবং একতা এক্সপ্রেস ইব্রাহিম বাস স্টেশনে আটকা পড়ে। পশ্চিমে রাজশাহী-ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুরে, চিলাহাটি এক্সপ্রেস শরৎনগর ও কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে আটকা পড়ে।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। নির্মাণ কাজের ডিপিপি ১০ হাজার কোটি টাকা থেকে সাতবার সংশোধিত হয়ে পাঁচশো কোটি টাকায় রূপান্তর করা হয়। বিষয়টি গত ২৬ জুলাই একনেক সভায় উঠলেও শেষ পর্যন্ত অনুমোদন হয়নি।
তারা অভিযোগ করে বলেন, শাহজাদপুরে বুড়িপোতা জিয়া মৌজায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সরকারি খাস জমিতে সরকারিভাবে একশো একর জমির প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করার কথা। সরকারি এই সমস্ত জমির অধিকাংশই স্থানীয়ভাবে কেউ না কেউ দখল করে আছেন। তাদের পক্ষ নিয়ে চলনবিল সংগ্রাম কমিটির কতিপয় স্বার্থান্বেষী নেতা ও সংগঠক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি যাতে স্থাপিত না হয়, সেজন্য পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন অধিদপ্তরে অভিযোগ দেন। ওই চিঠিপত্রের কারণে মাননীয় পরিবেশ উপদেষ্টা ডিপিপি একনেক বৈঠকে তোলার সময় ভেটো দেন। পরবর্তীতে কৌশলগত বিলম্ব শুরু করতে থাকে। এরপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের আগেই ঝুলে যায়। যে কারণে আমরা বাধ্য হয়ে গত ১৮ দিন থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। সরকার এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। ইতিবাচক সাড়া না দেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
সকালে স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, ৯টা ৫ মিনিটে শিক্ষার্থীরা আকস্মিক এসে উল্লাপাড়া স্টেশনে ঢাকা ঈশ্বরদী রেললাইনে অবরোধ করেন। শিক্ষার্থীরা উল্লাপাড়া স্টেশনের ঢাকা-ঈশ্বরদী রেললাইনে শান্তিপূর্ণভাবে অবরোধ করায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ অবস্থান নিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একই দাবিতে আন্দোলন শুরু করে। গত ১৮ দিন থেকে চলমান কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা দফায় দফায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন সংলগ্ন বগুড়া–নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করেন। এরপর তারা হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ঢাকা-রংপুর মহাসড়ক ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে থাকে এবং উভয়দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে নবীন বরণ ও সেমিনার করে। সর্বশেষ তারা উল্লাপাড়া স্টেশনে বুধবার সকাল থেকে পৌনে ৬ ঘণ্টার জন্য ঢাকা ঈশ্বরদী রেলপথ অবরোধ করেন।
