শিক্ষার্থী ও স্থানীয়দের সংবাদ সম্মেলন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনে চলনবিলে ক্ষতির অভিযোগ ভিত্তিহীন
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পৃথক সংবাদ সম্মেলন করেন। ছবি: সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫ | ২১:৩৯
‘সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় বিশ্বকবির পৈতৃক জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আগেই গভীর ষড়যন্ত্র চলছে।’ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পৃথক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, কবিগুরুর পৈতৃক ও সরকারি জমি দখলকারী একটি চক্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নস্যাতের পরিকল্পনায় মিথ্যা প্রচার চালাচ্ছে। ক্যাম্পাস স্থাপনের কারণে চলনবিল ক্ষতিগ্রস্ত হবে বলে সম্প্রতি সরকারের বিভিন্ন দপ্তরে চক্রটি অভিযোগপত্র জমা দিয়েছে। চলনবিল পরিবেশ আন্দোলনকর্মীর নামে তারা বুড়ি পোতাজিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিরোধিতা করছেন। তারা কেবল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরোধী নয়, তারা উচ্চশিক্ষা ও দেশবিরোধী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে চলনবিলে ক্ষতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তারা আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যখন উত্তাল, তখন এমন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বুড়ি পোতাজিয়ায় প্রস্তাবিত স্থানের সঙ্গে চলনবিলের রৈখিক দূরত্ব ৬৮ কিলোমিটার। মাঝখানে আছে অসংখ্য বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ নানা অবকাঠামো। এই ক্যাম্পাস স্থাপনের সঙ্গে চলনবিলের কোনো বিরোধ নেই।
তারা আরও বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে চলনবিল রক্ষা করতে চান, তবে নদীর বাঁধ, স্লুইসগেট, ভূমি বেহাত হওয়া এবং অবৈধ বালু উত্তোলন নিয়ে কথা বলুন। প্রকৃতিকে আশ্রয় করে মানুষ ও প্রকৃতির পারস্পরিক মিতালি রক্ষা করে বিশ্ববিদ্যালয় তৈরি হয়। আপনারা ষড়যন্ত্রের পথ পরিহার করুন। লোভে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন নিয়ে খেলবেন না। এই প্রতিষ্ঠানের আলোয় আপনার পরিবার ও সমাজ আলোকিত হবে। আর যদি ষড়যন্ত্রের পথ পরিহার না করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়রা আপনাদের সামাজিক ও আইনগতভাবে প্রতিহত করবে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
