ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুরস্কার হিসেবে সাইকেল পেল সাত কিশোর

পুরস্কার হিসেবে সাইকেল পেল সাত কিশোর
×

সাইকেল হাতে শিশুরা সমকাল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫ | ২৩:৪৬

সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের উন্মেষ ঘটাতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ায় সাত শিশু-কিশোরকে বাইসাইকেলসহ ২৩ জনকে পুরস্কৃত করা হয়েছে। ডামুড্যা পৌরসভার কাজি বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটি এ উদ্যোগ নিয়েছে।
গতকাল শনিবার মসজিদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা হামীদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নান্নু মৃধা।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, মুসল্লিসহ এলাকার মানুষ।
পুরস্কারপ্রাপ্ত কিশোর জাহিদ হাসান জানায়, ‘এ প্রতিযোগিতা আমাদের নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। আমি অনেক খুশি।’ কাজি বাড়ী জামে মসজিদের ইমাম নোমান সিদ্দিকের ভাষ্য, এলাকার শিশু-কিশোরদের নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলায় উৎসাহ দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর আলোকে সাতজনকে সাইকেল ও ২৩ জনকে উপহার দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, এমন উদ্যোগ প্রতিটি সমাজ ও গ্রামে নেওয়া হলে শিশু-কিশোররা নামাজে উৎসাহিত হবে। সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা কমবে। তিনি এমন উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুন

×