ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দোকানে চুরির সময় ধরা ব্যাংকের বুথে ডাকাতির আসামি

দোকানে চুরির সময় ধরা ব্যাংকের বুথে ডাকাতির আসামি
×

জাহিদ সরদার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ১৬:৫৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ | ১৭:৩৯

পটুয়াখালী শহরের ডাচ-বাংলা ব্যাংকের বুথে ডাকাতিসহ দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরিতে জড়িত এক যুবক অপর একটি দোকানে চুরির সময় জনতার হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার দুপুরে মৌকরণ বাজার এলাকার লোকজন তাকে পুলিশে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে জাহিদ সরদার (২৮) নামের ওই যুবক জানান, ১৬ আগস্ট শহরের ডাচ-বাংলা ব্যাংকের বুথে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন তিনি। 

এ ঘটনায় ১৬ আগস্ট ডাচ-বাংলা ব্যাংকের সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের ইনচার্জ মো. মোয়াজ আহমেদ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে কাজ শুরু করে। মঙ্গলবার দুপুরে মৌকরণ এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। 

জাহিদ সরদার জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ এখন পর্যন্ত সিসিটিভির দুটি মনিটর, ব্যাংকের নিরাপত্তাকর্মীর একটি মোবাইল ফোন, দস্যুতায় ব্যবহৃত দুটি সাবল, লুণ্ঠিত পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট ভোর রাতে পটুয়াখালী শহরের বড় মসজিদ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতিসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ব্যাংকের নিরাপত্তা কর্মী মজিবুর রহমান সিকদারের (৫৫) হাত-চোখ বেঁধে একটি কক্ষে আটকে মারধর করে। মজিবুর রহমানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর। তিনি জানান, গ্রেপ্তার জাহিদ পুলিশ হেফাজতে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন তিনি। অন্য কেউ জড়িত কি-না, জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন

×