ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেরানীগঞ্জে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, কঠোর অবস্থানে পুলিশ

কেরানীগঞ্জে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, কঠোর অবস্থানে পুলিশ
×

ফাইল ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ১৯:১৬

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে স্থানীয় বিএনপির দু’টি পক্ষ। আগামী শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের ঘোষণা দিয়েছে দুই পক্ষ। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কায় কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একপক্ষের নেতৃত্বে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাজি রেজাউল কবীর পল। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। অপর পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী।

এদিকে কর্মসূচি ঘোষণার পর থেকে রেজাউল কবীর পল ও নিপুণ রায় চৌধুরীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

রেজাউল কবীর পলের অফিস সেক্রেটারি মো. তারিফুর রহমান বলেন, আগামী ২২ আগস্ট শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের জন্য আয়োজন করা হয়েছে। আমরা জিনজিরা ঈদগাহ মাঠের সভাপতি থেকে শুরু করে ঢাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কেরানীগঞ্জ মডেল থানাকে অবহিত করেছি। আমরা মাঠের অনুমতি নেওয়ার পরও কেন ওইদিন একই জায়গায় গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী প্রোগ্রাম করতে চায়। তারা তো আমাদের আগে কোনো প্রোগ্রামের জন্য মাঠের অনুমতির চায়নি। ফলে জিনজিরা ঈদগাহ মাঠে যে কোনো মূল্যে আমরা প্রোগ্রাম করবো।

এ বিষয়ে হাজি রেজাউল কবীর পল বলেন, একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইতে পারেন। মনোনয়ন প্রত্যাশীরা যে কোনো স্থানে প্রোগ্রাম করতে পারেন। আমি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের অনুষ্ঠান আয়োজন করায় গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরীর মাথা নষ্ট হয়ে গেছে। একই দিনে তারাও প্রোগ্রাম করার হুমকি দিচ্ছেন। কেরানীগঞ্জে তারা পরিবেশটা নষ্ট করে ফেলেছে।

এ ব্যাপারে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, জিনজিরা ঈদগাহ মাঠে সমাবেশ করার জন্য বিএনপির দুই পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যেহেতু ২২ আগস্ট প্রোগ্রাম, সেক্ষেত্রে আমরা আগেই থেকে সতর্ক অবস্থায় থাকব; যাতে কোনো সহিংসতা না হয়।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

আরও পড়ুন

×