জাকসুতে পদ নিয়ে দ্বন্দ্ব, ফেসবুকে পোস্ট দিয়ে বাগছাস নেতার পদত্যাগ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জাবি শাখার যুগ্ম-আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন।
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ২৩:২৪
আসন্ন জাকসু নির্বাচনে সহ-সম্পাদক(এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জাবি শাখার যুগ্ম-আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন। নির্বাচনী প্যানেল গঠনে সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা ব্যক্তিগত পছন্দের ব্যক্তিকে প্রাধান্য দেন বলে অভিযোগ আনেন তিনি। তবে সংগঠনটি বলছে, তার অভিযোগ অবান্তর। এমন আচরণ মোটেও সাংগঠনিক নয়।
বুধবার রাত ১১টার দিকে ফেসবুকে নিজের ব্যক্তিগত একাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন নাজমুল ইসলাম লিমন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি।’
পদত্যাগের কারণ জানতে চাইলে সমকালকে তিনি বলেন, বাগছাসের কার্যক্রম মূলত শীর্ষস্থানীয় কয়েকজন নেতার ইচ্ছা-অভিরুচি অনুসারে পরিচালিত হচ্ছে। প্যানেল গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিগত পছন্দের কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভূমিকা রাখা নেতা-কর্মীদের উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এমন ব্যক্তিকে জাকসুর প্যানেলে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ আনেন নাজমুল ইসলাম লিমন। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে ভূমিকা রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন না করে ছাত্রলীগের মিটিংয়ে উপস্থিত থাকা একজনকে জাকসুর শীর্ষ পদে মনোনীত করা হয়েছে। এজিএস পদ প্রার্থীদের নিয়ে সমন্বিত আলোচনায় বসার পরিবর্তে, কেবলমাত্র কিছু ব্যক্তির মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।’
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সংগঠনটির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, তার সব অভিযোগ অবান্তর। একটা পদ নিয়ে যখন চার জন আগ্রহী থাকে তখন স্বাভাবিকভাবেই বিগত কাজের মাধ্যমে যোগ্য প্রার্থীকে আমরা এই পদে রেখেছি। কিন্তু তিনি সাংগঠনিক সিদ্ধান্ত না মেনে ফেসবুকে পোস্ট করেছেন, যা মোটেও সাংগঠনিক আচরণ নয়। আমরা এখনো তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাইনি। পদত্যাগপত্র পেলে এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কথা বলবো।
সূত্রের খবর, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছেন বাগছাসের চার নেতা– জিয়াউদ্দিন আয়ান, নাজমুল ইসলাম লিমন, কাউসার আলম আরমান ও আহসান লাবিব। তবে সাংগঠনিক সভায় জিয়াউদ্দিন আয়ানকে এজিএস পদে মনোনীত করায় নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করেন।
- বিষয় :
- জাবি
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- বাগছাস
- পদত্যাগ
