বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০২:৫২
সুনামগঞ্জের জগন্নাথপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ শ্রমিকের সন্ধান এখনো মেলেনি। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওই শ্রমিকের নাম আলী হোসেন (১৮) । তিনি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিপপুর গ্রামের গৌছ আলীর ছেলে।
ইট বিক্রেতা শরিফপুর গ্রামের আছির উদ্দিন জানান, সোমবার ছয়জন শ্রমিক নিয়ে তিনি ইট বিক্রি করতে এসেছিলেন। ফেরার পথে বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের বৈঠাখালী এলাকায় বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। এ সময় দুইজন তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালায়। পরে সিলেট শহর থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু ওই শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি। তিনি বলেন, নিখোঁজ নৌ শ্রমিক উদ্ধারে আমরা কাজ করছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিককে উদ্ধারের কাজ তদারকি করছি। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।