সমঝোতায় পদ ভাগাভাগি দুই পক্ষের, হচ্ছে না ভোট
.
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০১:০৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ১১:৩২
১৬ বছর পর প্রকাশ্যে সম্মেলন করতে যাচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপি। আজ শনিবার দলটির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। তবে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কাউন্সিলে ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না।
উপজেলায় বিএনপির দুটি পক্ষ রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সম্প্রতি দুই গ্রুপ পদ ভাগাভাগির সমঝোতায় আসে। সে অনুযায়ী, নতুন কমিটিতে সভাপতি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সাধারণ সম্পাদক হচ্ছেন আনিস উজজামান। দুটি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হচ্ছেন বাহারুল আলম ও মুমিনুর রহমান মুমিন।
উপজেলা বিএনপি সূত্র জানায়, সাংগঠনিক পদের জন্য বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র নিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি তা প্রত্যাহার করে নেন। ফলে এ পদে ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না।
সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহার করে মোস্তাফিজুর রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছেন। তাতে বলা হয়, উপজেলার ৯টি ইউনিয়নের কমিটি গঠন ছাড়াই এ সম্মেলন হচ্ছে। সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ ও জাসদ কর্মীদের দলে সুরক্ষা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। ২০০৯ সালে স্থানীয় সরকারি কলেজ মাঠে সর্বশেষ প্রকাশ্য সম্মেলন করে দলটি। এরপর ২০১৬ ও ২০২২ সালে গোপনীয়তার মধ্যে জেলা সদরের একটি রেস্তোরাঁয় ছোট পরিসরে উপজেলা বিএনপির কমিটি করা হয়। এ হিসাবে প্রায় ১৬ বছর প্রকাশ্যে সম্মেলন করছে দলটি।
কুষ্টিয়া জেলা বিএনপির নেতা ও খোকসা উপজেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন কমিশনার আব্দুল মজিদ জানান, সাংগঠনিক সম্পাদক পদের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ভোট হচ্ছে না। তিনি বলেন, ভোট না হলে ভোটারতালিকা তৈরির প্রয়োজন হয় না।
দলীয় সূত্রগুলো জানায়, দ্বিধাবিভক্ত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী ও বর্তমান আহবায়ক আলাউদ্দিন খানের মধ্যে সমঝোতার ভিত্তিতে সম্মেলনের দিনক্ষণ ও সভাস্থল নির্ধারণ করা হয়েছে। এরই আলোকে চলতি মাসের ১৬ ও ১৭ তারিখে উপজেলার ৯টি ইউনিয়নে সম্মেলন করা হয়েছে। সময় স্বল্পতার কারণে ইউনিয়নগুলোয় কমিটি ঘোষণা করা হয়নি। শুধু খোকসা পৌর বিএনপির কমিটি প্রকাশ্য সভায় ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন খান বলেন, দলের সব অংশের নেতাদের সমঝোতার ভিত্তিতে এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে সম্মেলন হতে যাচ্ছে। সমঝোতা করতে পারায় কাউন্সিলের আনুষ্ঠানিকতার আর প্রয়োজন হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা হবে।
