এসিডে ঝলসে দিল আবিরের মুখ
ফাইল ছবি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ০১:৫৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ০১:৫৪
পাওনা ৭০০ টাকা ফেরত চাওয়ায় এক রিকশাচালকের গায়ে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। চোর অপবাদ দিয়ে তার মাথাও ন্যাড়া করে দেওয়া হয়। শুক্রবার রাতে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসিডদগ্ধ আবির মিয়াকে (২৬) স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আবির উপজেলার বগডহর গ্রামের আরাফাত আলীর ছেলে।
আবির মিয়া জানান, নবীনগরের আলিয়াবাদ গ্রামের অটোরিকশাচালক ওবায়দুল মিয়ার কাছে তিনি ৭০০ টাকা পাবেন। শুক্রবার সন্ধ্যায় দেখা হওয়ার পর আবির ওই টাকা চাইলে ওবায়দুল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ওবায়দুল্লাহ আবিরের গায়ে অটোরিকশার ব্যাটারির এসিড নিক্ষেপ করেন। এরপর আবিরকে ‘চোর’ অপবাদ দিয়ে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি জানা নেই। তবে ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- এসিড নিক্ষেপ
