যমুনা সেতুতে তিন ট্রাকের সংঘর্ষে এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ১২:১৭
সিরাজগঞ্জের যমুনা সেতুর উত্তরবঙ্গমুখী লেনে পরপর তিনটি ট্রাকের সংঘর্ষে দীর্ঘ সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। এতে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার পাশাপাশি চালকদের বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীসূত্রে জানা গেছে।
রোববার ভোর সোয়া ৫টার দিকে ২৩ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী দক্ষিণ লেনে একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি দুধ পরিবহনকারী গাড়ি একে অপরের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে দক্ষিণ লেনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যান চলাচল সাময়িক ব্যাহত হয়।
খবর পেয়ে যমুনা সেতু কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে রেকার নিয়ে এসে লেনটি সচল করার চেষ্টা করে। এক ঘণ্টা পর সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করতে পারলেও সকাল আটটা পর্যন্ত দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। এ কারণে যানবাহনের ধীরগতি ওই লেনের দৃশ্যমান ছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের কন্ট্রোল রুম থেকে সকাল আটটায় জানানো হয়, দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো অপসারণ করা হয়। যান চলাচল সচল রয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বৈরী আবহাওয়া ও চলমান বৃষ্টির কারণে সেতুর ওপরে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বৃষ্টির কারণে রাস্তা এমনিতেই পিচ্ছিল, অন্যদিকে চালকদের বেপরোয়া চলাচলের কারণেও দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার ভোরেও উত্তরবঙ্গগামী দক্ষিণ লেনে তিনটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি সেতু কর্তৃপক্ষ জানায়।
কড্ডার ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ মো. আসাদ হোসেন জানান, ভোরে তিনটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয় বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।
যমুনা সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল দাবি করেন, মেইন ব্রিজের উত্তরবঙ্গমুখী লেনের ২৩ নম্বর পিয়ারের কাছে পরপর তিনটি ট্রাক পেছন থেকে একে অপরকে হিট করে। এতে উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ হয়ে যায়। গাড়িগুলো অপসারণ করলে সকাল সাড়ে ৬টার পর ঘটনাস্থল যান চলাচলের উপযোগী হয়। এখন সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- যমুনা সেতু
- যান চলাচলে বিঘ্ন
- সিরাজগঞ্জ
