কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
ছবি: সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ১৭:৫০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ১৭:৫৮
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।
রোববার উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচে ‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ সম্মেলন শুরু হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।
সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি। আছেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। তিনদিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা।
আগামীকাল সোমবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা।
তিনদিনের সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে জোর দেওয়া হবে বলে জানা গেছে।
- বিষয় :
- সম্মেলন
- রোহিঙ্গা সংকট
- রোহিঙ্গা ইস্যু
- রোহিঙ্গা
