লুটের ১০ লাখ ঘনফুট পাথর উদ্ধার, প্রতিস্থাপন আড়াই লাখ
.
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ২৩:১৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ২৩:৫১
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারের পর প্রতিস্থাপন অব্যাহত রয়েছে। রোববার পর্যন্ত ১০ লাখ ঘনফুটেরও বেশি পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট। আগামী কয়েকদিনের মধ্যে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর প্রতিস্থাপন কাজ শেষ হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে লুট হওয়া সাদাপাথর ফেরতে বেঁধে দেওয়া তিন দিনের সময়সীমা সোমবার সন্ধ্যায় শেষ হচ্ছে। জেলা প্রশাসনের এ সময়সীমা বেঁধে দেওয়ার পর অনেকে ফেরত দিতে শুরু করেছেন। রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় দুই লাখ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর প্রতিস্থাপনে এতদিন ছোট নৌকা ও শ্রমিক ব্যবহার করা হলেও রোববার থেকে পেলোডার ও বাল্কহেড ব্যবহার করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ১০ লাখ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়েছে। আড়াই লাখ ঘনফুটের মতো প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিদিন জব্দ করা পাথর ভোলাগঞ্জ পর্যটন ঘাটে ট্রাকযোগে নিয়ে আসা হচ্ছে। কম সময়ের মধ্যে কাজ শেষ করতে পাথর লোড-আনলোডে পেলোডার মেশিন ব্যবহার করা হচ্ছে। শ্রমিক স্বল্পতার কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত ১০ ও ১১ আগস্ট ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে দলবেঁধে পাথর লুটের পর দেশব্যাপী তোলপাড় শুরু হলে নড়েচড়ে বসে প্রশাসন। পরে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান শুরু করা হয়। গত ১৪ আগস্ট ভোলাগঞ্জ কালাইরাগ থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে জেলা প্রশাসন। পরে ভোলাগঞ্জ, পাড়ুয়া, ধোপাগুল, জৈন্তাপুরসহ দেশের বিভিনস্ন স্থান থেকে লুটের পাথর জব্দ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ সংখ্যক পাথর জব্দ করা হয়েছে ধোপাগুল স্টোন ক্রাশার জোন থেকে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াত শারমীন জানান, শনিবার রাত থেকে রোববার বিকাল পর্যন্ত ২৫১টি ট্রাকে তল্লাশি চালিয়ে সাদাপাথরবাহী সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। এসব ট্রাক থেকে আরও ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
এদিকে রোববার গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টের পাথর ফেরত দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
গোয়াইনঘাট প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া সব পাথর সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে বল্লাঘাট মসজিদের সংলগ্ন নদীর পারে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম রোববার সকালে বিয়ানীবাজারে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও তাদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, সাদাপাথর ফেরতে তিন দিনের সময়সীমা সোমবার সন্ধ্যায় শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ খরচে পাথরগুলো যথাস্থানে ফেরত না দিলে লুটকারীদের বিরুদ্ধে ‘ডিরেক্ট একশনে’ যাবে প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান, শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের বড় ভাই আবুল আজরফ আহসান জাবুর, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমদ ও দেলোয়ার হোসেন।
- বিষয় :
- সাদা পাথর
