দ্বিতীয় দিনে রাকসুর মনোনয়ন ফরম নিলেন ৯ জন
ছবি: সমকাল
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ২১:০১
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ৯ জন। আর বিভিন্ন হল সংসদ নির্বাচনের ফরম নিয়েছেন ৬ জন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১ জন মনোনয়ন ফরম নিয়েছেন। সোমবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য সমকালকে নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে আরবি বিভাগের আব্দুন নুর এবং সংস্কৃতি বিভাগের জুয়েল রানা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের মাহবুব আলম, মহিলা বিষয়ক সম্পাদক পদে বাংলা বিভাগের নুসরাত জাহান অহনা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবু জুহাইম সরকার ফরম সংগ্রহ করেছেন।
এ ছাড়া রাকসুর নির্বাহী পদে রাহুল আগারওয়াল প্রভাত, আবদুল্লাহ আল মুয়াজ, জুয়েল রানা এবং সজিব হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যদিকে সিনেট সদস্য হিসেবে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে মোট ৬ জন মনোনয়নপত্র তুলেছেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সমকালকে বলেন, আজকে কেন্দ্রীয় ছাত্র সংসদে ৯ জন এবং সিনেটে ছাত্র প্রতিনিধি পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে মোট ৬ জন মনোনয়নপত্র তুলেছেন।
এর আগে রোববার ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৩ জন এবং পুরুষ প্রার্থী রয়েছেন ১৩ জন।
- বিষয় :
- রাবি
- রাকসু নির্বাচন
- মনোনয়ন ফরম
