ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সান্তাহারে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সান্তাহারে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
×

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রতিষ্ঠানটির ভূ-সম্পত্তি বিভাগ। ছবি: সংগৃহীত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ২২:৩১

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রতিষ্ঠানটির ভূ-সম্পত্তি বিভাগ। সোমবার রেলওয়ের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পতি অফিসার (ডিইও) আরিফুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন, বগুড়া জেলার সহকারী কমিশনার পাসওয়ার তানজামুল ইসলাম, সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম, কানুনগো মনোয়ার হোসেন।

স্থানীয়রা জানায়, সান্তাহার রেলওয়ে স্টেশন, রেলগেটসহ রেলওয়ের জায়গায় গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এই অবৈধ স্থাপনা থাকায় কিছু দিন আগে রেলগেটে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হন। এর পর টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষের। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কয়েক দিন আগে নোটিশ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এর পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। সেনাবাহিনী, রেলওয়ে থানার পুলিশ, নিরাপত্তাবাহিনী, বিদ্যুৎ বিভাগসহ রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়।

এদিকে উচ্ছেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার কয়েকজন বাসিন্দা বলেন, ব্যাপক ঢাকঢোল পিটিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান টিম চলে যাওয়ার পর আবার সেখানে স্থাপনা বসানো হবে। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তারা সান্তাহারের গুরুত্বপূর্ণ রেলগেট এলাকায় স্থায়ীভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কড়া নজরদারি রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

×