ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও
×

ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ২৩:৩২

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে লালমনিরহাটের নেসকো অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সোমবার শহরের সাপটানা রোডের নেসকো বিক্রয় ও বিতরণ কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

আজ সোমবার দুপুরে সদরের মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের কয়েকশ গ্রাহক ‘প্রিপেইড মিটার চাই না’– স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় লালমনিরহাট-ফুলবাড়ী আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নেসকোর কার্যালয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নেসকো, লাললমনিরহাট অফিসের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা কর্মসূচি প্রত্যাহার করে চলে যান।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক গ্রাহক জানান, যথেষ্ট তথ্য না দিয়ে কর্তৃপক্ষ এক প্রকার জোর করে প্রিপেইড মিটার লাগিয়ে দিচ্ছে। প্রিপেইড মিটারের টাকা হঠাৎ করে কেটে নেওয়া হচ্ছে। কেউ কিছু বুঝতে পারছেন না। সমস্যা হলে কোথায় যেতে হবে, তাও জানানো হয়নি। এ ছাড়া প্রিপেইড মিটারে শব্দ হয়। গভীর রাতে টাকা ফুরিয়ে গেলে সমস্যায় পড়তে হয়।

লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, ৭ জুলাই থেকে সদর উপজেলায় পোস্টপেইড মিটারের বিপরীত পাঁচ হাজার ১৭৭টি প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হয়েছে। এতে অনেক গ্রাহকই স্বস্তি প্রকাশ করেছেন। তারা সুবিধাগুলো বুঝতে পারছেন। তবে বিলিং সিস্টেমে প্রিপেইড মিটার নতুন বলে অনেক গ্রাহক ভুল  বুঝছেন। এর জন্য জনমত তৈরি করতে হবে। এ বিষয়ে কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান তিনি।

নেসকোর কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় নেসকোর  গ্রাহকের সংখ্যা ৪০ হাজার ২৭৬। এর  মধ্যে বাণিজ্যিক গ্রাহক রয়েছেন চার হাজার ৫০০। মোট গ্রাহকের ৭০ শতাংশ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। লালমনিরহাট সদরে  নেসকোর  মোট বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১৮ কোটি ৯০ লাখ টাকা। বকেয়া বিদ্যুৎ বিলের বিপরীতে ২৭০টি বিদ্যুৎ মামলা চলমান রয়েছে।ৃ

আরও পড়ুন

×