ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পাথর প্রতিস্থাপন অব্যাহত

মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত দলের সাদাপাথর পরিদর্শন

মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত দলের সাদাপাথর পরিদর্শন
×

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র মঙ্গলবার পরিদর্শন করে তদন্ত কমিটি -সমকাল

 সমকাল প্রতিবেদক ও সিলেট ব্যুরো 

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ২৩:৩৮

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর লুটের স্থান পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সদস্যরা। মঙ্গলবার দুপুরে তারা ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও পাশের রেলওয়ের জমি ‘বাঙ্কার’ এলাকা পরিদর্শন করেন। এ সময় কমিটির আহ্বায়ক সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীনসহ অন্যরা স্থানীয় এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এদিকে, পাথর লুটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জাহেদা পারভীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (রাজস্ব) সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে তদন্ত করে প্রয়োজনীয় মতামতসহ ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গতকাল পরিদর্শনকালে কমিটির আহ্বায়ক গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তিনি জানান, বুধবার পরিদর্শন শেষে তারা এ বিষয়ে কথা বলবেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদিকে, সিলেটের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া লুটের পাথর প্রতিস্থাপন কাজ অব্যাহত রয়েছে। গতকালও সকাল থেকে পেলোডার ও স্টিলবডি নৌকার সাহায্যে পাথর প্রতিস্থাপন করতে দেখা গেছে। এ নিয়ে গত ১২ দিনে প্রায় সাত লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। 
পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন ১৩৭ জনের একটি তালিকা তাদের তদন্ত প্রতিবেদনের সঙ্গে যুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে করা তালিকায় ১৭৩ জনের নাম রয়েছে বলে জানা গেছে। 

সিআইডির অনুসন্ধান শুরু
সাদাপাথর লুটের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাথর লুটপাটের ঘটনা ঘিরে গোয়েন্দা তথ্য এবং সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অনুসন্ধান শুরু করেছে। লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জনের প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ার পর এ অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন

×