ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিআর নিয়ে মামাবাড়ির আবদার করছে কয়েকটি দল: রিজভী

পিআর নিয়ে মামাবাড়ির আবদার করছে কয়েকটি দল: রিজভী
×

দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আলোচনা সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আব্দুর রাজ্জাক মিকা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ০৬:৩৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ০৬:৪০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর নিয়ে মামাবাড়ির আবদার করছে। কিন্তু সাধারণ মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত, সে পদ্ধতিতে তারা নির্বাচন চায় না।

গতকাল বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত কর্মী সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই আন্দোলনে হতাহত বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক এবং অটোরিকশার চাবি বিতরণ করেন রিজভী। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে বিএনপির চার শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। অথচ দু-একটি দল মনে করছে, সব তারাই করেছে।

তিনি আরও বলেন, বসন্তের কোকিলরা দলে ঢুকে চাঁদাবাজি ও অপকর্ম করছে। এদের প্রবেশ ঠেকাতে হবে। যারা জেল খেটেছে, যারা নির্যাতিত নেতাকর্মী, তারা কখনও চাঁদাবাজ হবে না।

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, সাবেক সাংসদ এবং উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত। সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ বিন আনোয়ার সজীব ও তৌফিকুর রহমান তৌফিক।

সমাবেশে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ চায় সেই প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত করতে। স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচন নামের গণতান্ত্রিক প্রক্রিয়াকে গলা টিপে হত্যা করে হয়েছে। তারা বাংলাদেশে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। জগগণের নিরাপত্তা অনিশ্চিত করে নিজেদের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। জুলাইয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরশাসনের অবসান হয়েছে।

তিনি আরও বলেন, ‘আসছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। নির্বাচনে জয়ের মাধ্যমে শহীদ জিয়ার স্বপ্নকে প্রতিষ্ঠিত করে বিশ্বকে দেখিয়ে দিতে চাই; আমরাও পারি নিরাপদ উন্নত প্রগতিশীল দেশ প্রতিষ্ঠা করতে। তার জন্য প্রয়োজন সবার সহযোগিতা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আসুন আমরা কর্মী সমাবেশে এই প্রতিজ্ঞা করি।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। এছাড়াও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×