অত্যাচারে বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা, ছেলেকে পুলিশে দিল এলাকাবাসী
ছবি: প্রতীকী
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ২২:১৯
ছেলে মাদকাসক্ত। টাকার জন্য বাবাকে মারধর করে। অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন বাবা। এই অবস্থা দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে ছেলেকে আটক করে এবং তার বাবাকে উদ্ধার করে। বুধবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটক মাইনুদ্দিন মাছিমপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। বুধবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাছিমপুর গ্রামের বৃদ্ধ মোসলেম উদ্দিনের ছেলে মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই তার বাবাকে মারধর করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস দেওয়ার জন্য দড়ি নিয়ে গ্রামে ঘুরতে থাকেন মোসলেম উদ্দিন। বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান স্থানীয়রা। এ ঘটনায় ১৭ আগস্ট তাঁকে উদ্ধার করে এবং ছেলেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরিবারটি দরিদ্র হওয়ায় মাইনুদ্দিনকে কাউন্সেলিং করান তিতাস থানার ওসি শহিদ উল্যাহ। পরে সে অঙ্গীকার করে আর মাদক গ্রহণ করবে না এবং কাজ করে জীবন চালাবে। থানায় আউটসোর্সিংয়ে কাজ করা ইমরানের সঙ্গে তাকেও নিয়োগ দেওয়া হয়। এক দিন থাকার পর কাউকে না বলে পালিয়ে যায় মাইনুদ্দিন। বাড়িতে গিয়ে মাদকের টাকার জন্য বাবাকে মারধর করলে এলাকাবাসী ফের আটক করে পুলিশে সোপর্দ করেন।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ জানান, কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনি। পুলিশের পক্ষ থেকে মাইনুদ্দিনকে ভালো করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলো। এ দায়বদ্ধতা পুলিশের একার নয়। দরকার সামাজিক সচেতনতা।
- বিষয় :
- বাঞ্ছারামপুর
