ভোলাগঞ্জে পাথর লুটে জড়িত দুই হাজার ব্যক্তি
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ০০:২৬
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধারবিষয়ক পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২২ অক্টোবরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার খনিজ সম্পদ ও পরিবেশ সচিবের পক্ষে সংক্ষিপ্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করলে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
এর আগে গত ১৪ আগস্ট লুট হওয়া পাথর উদ্ধার করে ৭ দিনের মধ্যে আগের জায়গায় প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন আদালতে ২৮ আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল এ প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর লুট করেছে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ব্যক্তি। এ কারণে খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং বিধিমালা ২০১২ এর ৯৩(১) ধারা লঙ্ঘনের দায়ে ২০০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয় যে, গত বছর ৫ আগস্ট থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অচেনা ১৫০০ থেকে ২০০০ ব্যক্তি পাথর চুরি করে। আদালতের নির্দেশনা অনুসারে পরিবেশগত আর্থিক ক্ষতি নিরসনের জন্য ২১ আগস্ট অতিরিক্ত সচিব (অপারেশন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে আহ্বায়ক করে বুয়েটের একজন অধ্যাপকসহ ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাথর প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে, দায়ী ব্যক্তিদের তালিকা তৈরির কাজও অব্যাহত আছে। পাথরকোয়ারির পুরো এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
গতকাল প্রতিবেদন দাখিলের পর রিটকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সমকালকে বলেন, এটা খুবই সংক্ষিপ্ত একটি প্রতিবেদন। হাইকোর্টে চারটি সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। তারা তালিকাটাও দেয়নি, সম্পূর্ণ পাথরও উদ্ধার হয়নি। এ ব্যাপারে তারা সুনির্দিষ্টভাবে কিছু বলেনি। তিনি বলেন, এটা পূর্ণাঙ্গ প্রতিবেদন বিবেচনা করার সুযোগ নেই। অতএব, তারা পূর্ণাঙ্গ কাজটা করেনি। সে জন্য আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ২২ অক্টোবর রেখেছেন। ওই সময়ের মধ্য পূর্ণাঙ্গ কাজটা করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন, এটাই প্রত্যাশা করি।
বিভিন্ন জাতীয় দৈনিকে পাথর লুটপাটের সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট পিটিশন দায়ের করলে গত ১৪ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। পাশাপাশি ৭ দিনের মধ্যে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের নির্দেশ দেন।
- বিষয় :
- পাথরখনি
