কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫
কলমাকান্দা থানা। ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৬:৪৭
নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিনজনকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আজ শুক্রবার দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে আটক তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরা হলো—নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মিয়ার ছেলে মোনাইস ইসলাম (১৯)।
এর আগে বৃহস্পতিবার রাতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় দুইজনকে আটক করে কচুগড়া বিওপির টহল দল।
আটককৃতরা হলো— জামালপুর সদর উপজেলার ইটাইন ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১৯) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রমজান আহমেদ (১৯)।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালালে তিনজন পালিয়ে ভারতে চলে যায়। পরে বিএসএফ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, উপজেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি দুই ধাপে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- কলমাকান্দা
- অবৈধ অনুপ্রবেশ
- বিজিবি
- বিএসএফ
- আটক
