ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কাভার্ড ভ্যানচালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কাভার্ড ভ্যানচালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
×

সাভারে কাভার্ড ভ্যানচালক শামীম হোসেনকে হত্যার প্রতিবাদে শুক্রবার বিশমাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেন শ্রমিকরা সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ০০:৪৯

সাভারে কাভার্ড ভ্যানচালক শামীম হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে। ‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, সমগ্র বাংলাদেশ’ নামে একটি সংগঠন গতকাল শুক্রবার বিশমাইল এলাকায় এ কর্মসূচি পালন করে। 
এতে সংগঠনটির ৬৪ জেলার নেতা ও সহকর্মী শ্রমিকরা অংশ নেন।
বক্তারা বলেন, চালক শামীমের মৃত্যুর ঘটনায় জড়িত সব আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। নির্মমভাবে একজন শ্রমিকের প্রাণ যাওয়ায় শ্রমজীবীরা আতঙ্কিত। তাঁর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড যাতে না ঘটে, সেজন্য প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপে তারা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, গত ২৫ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একটি কোম্পানির কাভার্ড ভ্যানচালক শামীম হোসেন আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শামীম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে শাহ্‌ সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানে ঢাকা ও আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।

আরও পড়ুন

×