শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর
ছবি: সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ০৪:১৮
বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার গাজির খামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে ফাহিমা উপজেলার চকপাড়াএলাকার মাসেক আলীর মেয়ে এবং জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। এদিকে, দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পযার্য়ে বিলের মাঝখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে তুলতে কোনো এক সময় বিলের মাঝখানে গর্তে পড়ে যায় তারা এবং বেশি পানি থাকায় ডুবে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নালিতাবাড়ী
- পানিতে ডুবে মৃত্যু
