ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নুরের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে জাপা অফিস ভাঙচুর

নুরের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে জাপা অফিস ভাঙচুর
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ১৩:৩৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ | ১৩:৪১

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শাখা গণঅধিকার পরিষদ। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির উপজেলা কার্যালয় ভাঙচুর করেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের নেতারা সমকালকে জানান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ৮০-৯০ জনের একটি মিছিল সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়। 

মিছিলটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে।

জিয়াউর রহমান জানান, জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলমসহ অনেকে।

দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ সমকালকে জানান, ভিপি নুরের উপর হামলাকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ সময় তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ গৌরীপুর ও নান্দাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার সমকালকে জানান, বিক্ষোভ মিছিল শেষে কিছু লোকজন জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ের সামনে এসে কিছু ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে। এক ঘটনায় কেউ আহত হয়নি। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

আরও পড়ুন

×