ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১৭:১৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ | ১৭:৪০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নতুন করে আগ্রহের সৃষ্টি করেছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মাঝে বিধিমালা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে। গেজেট প্রকাশের পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পরবর্তী ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে। পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তার পরের ১৪ কর্মদিবসের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচনী অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম (মনোনয়নপত্র বিতরণ, দাখিল, বাছাই, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, আপিল গ্রহণ ও নিষ্পত্তি, প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ইত্যাদি) গ্রহণ করা হবে।

এছাড়াও, পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করা হবে। সরকারি গেজেট প্রকাশের পর ৪৫ কর্মদিবসের (সর্বোচ্চ ৩০ নভেম্বর ২০২৫) মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের গেজেট প্রকাশের পর এই রোডম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এদিকে কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, নির্বাচনের তারিখ যদিও সম্ভাব্য, তবুও এই রোডম্যাপ একটি ইতিবাচক পদক্ষেপ। এখন দেখার বিষয় হলো, কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারে কিনা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান সমকালকে জানান, আমরা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়েছি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সম্ভাব্য রোডম্যাপ তৈরি করেছি। আমরা চাই, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচন করুক। সকল নিয়মকানুন মেনে এবং স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচন সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

×