ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিডব্লিউবি কার্ডের চূড়ান্ত তালিকায় বিত্তবানরা

ভিডব্লিউবি কার্ডের চূড়ান্ত তালিকায় বিত্তবানরা
×

.

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩৯

ভিডব্লিউবি দুস্থ নারী উন্নয়ন কর্মসূচির তালিকায় বিত্তবানদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া উপজেলায়।
রাঙ্গামাটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ২০২৫-২৬ অর্থবছরে ভিডব্লিউবি কর্মসূচির চূড়ান্ত তালিকা তৈরিতে এমন অনিয়ম করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য আ. বারেক টাকার বিনিময়ে সচ্ছলদের নাম তালিকায় সংযোজন করেছেন বলে অভিযোগ রয়েছে। তালিকায় যাদের নাম উঠেছে, তাদের অনেকে পাঁচ-ছয় একর জমির মালিক, দালান বাড়ি, গরুর খামার, মাছের খামারের মালিক।
সরেজমিন দেখা গেছে, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আ. বারেকের স্ত্রীর ভাইয়ের বউ ইসরাত জাহান মিষ্টি এবং প্রবাস ফেরত শফিকুল ইসলামের স্ত্রী আসমা আক্তারের নাম ভিডব্লিউবির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অভিযোগ রয়েছে, ইউপি সদস্য আ. বারেকের পরিবারের আট সদস্যের নামে টিসিবি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় রয়েছে। তাদের প্রত্যেকের জমি ও পাকা বাড়ি রয়েছে। তালিকাভুক্ত শিউলি আক্তার একজন প্রবাসী, ভিডব্লিউবি কার্ডধারী কামরুন নাহারের স্বামী একজন প্রবাসী, জান্নাতুল ফেরদৌসের স্বামী চাকরিজীবী, বিলকিছ আক্তারের পরিবার ধনাঢ্য, কার্ডধারী উম্মে কুলছুমের স্বামী ছয়-সাত একর জমির মালিক এবং সাজিয়া আফরিন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তাঁর কার্ড ৫ নম্বর ওয়ার্ডের তালিকায় অন্তর্ভুক্ত। শুধু ৫ নম্বর ওয়ার্ডেই নয়; বরং ইউনিয়নের সব ওয়ার্ডেই কার্ডের তালিকার একই অবস্থা বলে জানান স্থানীয়রা।

ভিডব্লিউবি কার্ডের নির্দেশনামূলক বিধিমালায় বলা আছে– তালিকায় প্রথম অগ্রাধিকার পাবেন স্বামীহারা দুস্থ নারী। দ্বিতীয় যে পরিবারের প্রধান নারী এবং যার অন্য কোনো আয়ের উৎস নেই। তৃতীয় ১৫ শতকের কম জমির মালিক। চতুর্থ বসতবাড়ির অবস্থান খারাপ বা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে এমন পরিবার। কোনো অবস্থাতেই সচ্ছল, পাকা বাড়ির মালিকের স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা যাবে না। সরকারি নির্দেশনা পাশ কাটিয়ে ব্যক্তিগত স্বার্থ, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে চূড়ান্ত তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার পুটিজানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। যেখানে ধনাঢ্য এক ব্যক্তির স্ত্রী রুজিনা আক্তারের নামে উঠেছে ভিডব্লিউবি কর্মসূচির তালিকায়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই না করেই এসব তালিকা প্রকাশ করেছেন।

এসব অনিয়মের বিষয়ে উপজেলা প্রশাসনে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাদিয়া খাতুন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। ভিডব্লিউবি কার্ডের আশায় অনলাইনে আবেদন করেছি, কিন্তু আমাদের নাম টেকে নাই। যারা টাকা দিয়েছেন বড়লোক হলেও তাদের নাম টিকেছে।’
রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আ. বারেক জানান, গরিব মানুষ ছাড়া কোনো ধনী ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করেননি তিনি।
ইউএনও আরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×