ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২৮ বছর পর মা-বাবার কাছে ফিরলেন ছেলে

২৮ বছর পর মা-বাবার কাছে ফিরলেন ছেলে
×

হারিয়ে যাওয়া ছেলে সাইফুলকে ২৮ বছর পর ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আমেনা বেগম। শনিবার উলিপুরের নেফরা গ্রামে সমকাল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৮

কুড়িগ্রামের উলিপুরে হারিয়ে যাওয়ার ২৮ বছর পর বাড়িতে ফিরেছেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। শনিবার সকালে তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামের বাড়িতে ফিরলে এলাকাবাসী সাইফুলকে দেখতে ভিড় জমায়। এ সময় মা-বাবা ও আত্মীয়স্বজনের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। 
নেফরা গ্রামের আব্দুল লতিফ ও আমেনা বেগম দম্পতির ছেলে সাইফুল ইসলাম। দরিদ্র এই পরিবারের পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে চতুর্থ সন্তান তিনি। স্বজনরা জানান, অভাব-অনটনের কারণে পাশের গ্রামের এক নারীর সঙ্গে মানুষের বাসায় কাজের জন্য ১৯৯৭ সালে সাইফুলকে চট্টগ্রামে 
পাঠায় পরিবার। পথে কোনো স্টেশনে ট্রেন থেকে নেমে পড়ে সাইফুল। ট্রেনটি হঠাৎ ছেড়ে গেলে নিখোঁজ হয় সে। পরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন এলাকার একটি চায়ের দোকানে কাজ পায় সাইফুল। সেখানেই কেটেছে এত বছর। 

গত সপ্তাহে নেফরা গ্রামের এক বাসিন্দার সঙ্গে ভাটিয়ারীতে পরিচয় হয় সাইফুলের। তখন নিজের জেলা-উপজেলার কথা বলতে না পারলেও বাবা-মা ও গ্রামের নাম বলতে পারেন তিনি। এভাবেই পরিবারের খোঁজ মেলে সাইফুলের। বড় ভাই মাহফুজ রহমান বলেন, ‘গত সপ্তাহে সাইফুলের তথ্য পাই। এরপর 
সেই ঠিকানায় গিয়ে ভাইকে দেখে চিনতে পারি। ভাটিয়ারী রেলস্টেশনের চা দোকানের মালিক মোস্তাকিনের সঙ্গে স্ট্যাম্পে লিখিত ও ভোটার আইডি কার্ড দিয়ে ভাইকে নিয়ে আসি।’

আরও পড়ুন

×