ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

স্ত্রী-সন্তানকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন যুবক, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ২

স্ত্রী-সন্তানকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন যুবক, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ২
×

.

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৫২

পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানাকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

ওসি আরো জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×