আলোচনা সভায় মাহমুদুর রহমান
ফ্যাসিবাদ ও ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে
মাহমুদুর রহমান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৬
ফ্যাসিবাদ ও ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ দুই বিষয়ে যারা দুর্বলতা দেখাবে, তাদের ‘আমার দেশ’ ছাড় দেবে না বলেও সতর্ক করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও নির্বাসন থেকে দেখা হাসিনার ফ্যাসিবাদ শীর্ষক’ এ সভা অনুষ্ঠিত হয়।
মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তিনটি প্রধান রাজনৈতিক শক্তি। তাদের মধ্যে সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি। ২ নম্বরে জামায়াতে ইসলামী এবং ৩ নম্বরে জুলাই বিপ্লবের তরুণদের দল এনসিপি। এই তিনটি হচ্ছে প্রধান রাজনৈতিক শক্তি এবং তিনটিকেই আমি দেশপ্রেমিক শক্তি বলে মনে করি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যে বৃহত্তর ঐক্য বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে, অন্তত রাষ্ট্রের স্বার্থে এই ঐক্য আপনারা দয়া করে ধরে রাখুন।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির চেহারাতে আসুক, তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল।’
ভারতীয় সাম্রাজ্যবাদ ও আধিপত্যের বিরুদ্ধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদকে কোনো ছাড় দেওয়া যাবে না। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে করে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার বাংলাদেশে ফেরত আসতে পারে।’
তিনি সতর্ক করেন, এই যে রাষ্ট্রীয় দুটি নীতির কথা বললাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে যারা দুর্বলতা দেখাবেন, আমি পরিষ্কার করে বলে দিতে পারি, অন্য পত্রিকা কী করবে আমি জানি না, আমার দেশ আপনাদের ছাড়বে না।’
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, আমার দেশ পত্রিকার
আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।
- বিষয় :
- মাহমুদুর রহমান
