সাইফুর রহমান উদ্যোগ না নিলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত
ড. আব্দুল মঈন খান
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাইফুর রহমান একটি কথা বলেছিলেন, ‘বামপন্থিরা ভাঙতে জানে, গড়তে জানে না।’ আসলে বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থাই সর্বোত্তম। সাইফুর রহমান উদ্যোগ না নিলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত।
গতকাল শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ স্মরণসভার আয়োজন করেন।
সভায় মঈন খান বলেন, সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাগার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ত। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া সারাবিশ্বের বলতে গেলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। অথচ স্বৈরাচার আওয়ামী লীগ তখন এ ভ্যাট ব্যবস্থার কঠোর বিরোধিতা করেছিল।
সাইফুর রহমান বাংলাদেশে ভ্যাট পদ্ধতি প্রচলনসহ রক্ষণশীল অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলেই বাংলাদেশ একটি শক্ত অর্থনৈতিক ভিত্তি পেয়েছিল। রেকর্ড সংখ্যক ১২টি বাজেটের প্রণেতা সাইফুর রহমান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভায় মঈন খান বলেন, ‘আমার বাবা সাইফুর রহমানের সহকর্মী ছিলেন। পরে আমিও তাঁর সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। তাঁকে নিয়ে গবেষণা করলে অনেক শেখার আছে।’ তিনি বলেন, ম্যানেজমেন্টে তিনি অসাধারণ জ্ঞান রাখতেন। তাই পাকিস্তান আমলেই পূর্ব পাকিস্তানে ম্যানেজমেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে তখন কেবল তাঁকেই ওই কমিটির সদস্য করা হয়।
এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা সাইফুর রহমানের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষীয়ান এ রাজনীতিক।
- বিষয় :
- ড. আব্দুল মঈন খান
