১৪৪ ধারা
হাটহাজারীতে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
মধ্যরাতে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০০
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে জুলুসের গাড়িতে হামলার ঘটনার পর সুন্নী-কওমি সমর্থকদের মুখোমুখি অবস্থানের ঘটনায় শনিবার রাত ১১টায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এরপর সেনাবাহিনী গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে রাস্তা ছেড়ে দিতে মাইকিং করে। রোববার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে যান চলাচল করতে দেখা যায়। উত্তেজনা কমলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারিক আজিজ বলেন, 'কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে। আহলে সুন্নতপন্থীরা সড়কের বিভিন্ন স্থানে আছেন। পরিস্থিতি থমথমে বলা যায়। আমরা সতর্ক অবস্থানে আছি। হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ জারি করেছে।'
এরআগে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাটহাজারী সদর থেকে উত্তর দিকে প্রায় ১ কিলোমিটার এবং দক্ষিণে ইসলামি হাট পর্যন্ত গাড়ি আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। দু'পক্ষের মুখোমুখি অবস্থা দেখে রোববার বেলা তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, 'রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন দুই পক্ষের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'
- বিষয় :
- হাটহাজারী
- কওমি মাদরাসা
- ১৪৪ ধারা
