ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

রহস্যজনক কারণে থেমে গেল বহুতল ভবনে উচ্ছেদ অভিযান

রহস্যজনক কারণে থেমে গেল বহুতল ভবনে উচ্ছেদ অভিযান
×

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:৪৪

ভাণ্ডারিয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে নির্মিত বহুতল ভবন উচ্ছেদ অভিযান রহস্যজনক কারণে থেমে গেছে। বিষয়টি নিয়ে একেক পক্ষ একেক রকম বক্তব্য দিয়েছেন।

বরিশাল-ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় সওজের জমি দখল করে বহুতল ভবনসহ বহু স্থাপনা গড়ে উঠেছিল। এতে ড্রেন নির্মাণকাজ ব্যাহত হচ্ছিল। পানি জমে জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়। এ সংকট নিরসনে গত বুধবার উচ্ছেদ অভিযান পরিচালতি হয়। ওই সময় স্থানীয় সোহরাব সিকদার, আ. হক মল্লিক, শামীম সরদার, জালাল পোদ্দারসহ কয়েকজনের টিনশেড দোকানঘর, আজাদ সিকদারের মসজিদ ও খোকন সিকদারের কবরস্থান ভেঙে ফেলা হয়। তবে রেহাই পেয়েছে আব্দুস সবুরের বহুতল ভবন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

ভবনের মালিক প্রবাসী আব্দুস সবুর খানের দাবি, তিনি প্রশাসনের কাছ থেকে ১৫ দিনের সময় নিয়েছেন। এ সময়ের মধ্যে নিজ উদ্যোগে ভবন ভেঙে জমি খালি করে দেবেন। তবে কার কাছ থেকে সময় নিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি তিনি।

জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, আমরা শুধু দখল করা জমির সীমানা চিহ্নিত করেছি। উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেহেনা আক্তার বলেন, জমিটি সওজের। দখলদারকে সময় বেধে দেওয়ার আমি কেউ নই।

আরও পড়ুন

×