অভিযানে গিয়ে অবরুদ্ধ র্যাব, আসামি ছিনিয়ে নিল জনতা
ছবি: সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৫ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:০৬
গাজীপুরের শ্রীপুরে মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে অস্ত্র থাকার খবর পায় র্যাব-১। পরে অস্ত্র উদ্ধার ও অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করতে অভিযানে নেমে জনতার প্রতিরোধের মুখে পড়েন র্যাব সদস্যরা। অন্তত ২ ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। গতকাল রোববার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, বরমা চৌরাস্তা মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবসা করেন মোশারফ হোসেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১ এর সদস্যরা অস্ত্রসহ মোশারফকে আটক করেন। বিষয়টি সাজানো বলে দাবি করেন স্থানীয় লোকজন ও তাঁর পরিবারের সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হয়ে বরমা চৌরাস্তা অবরোধ করেন। অবরুদ্ধ হয়ে পড়েন অভিযানে অংশ নেওয়া র্যাব সদস্যরা। এক পর্যায়ে র্যাবের কাছ থেকে মোশারফকে ছিনিয়ে নিয়ে যান বিক্ষুব্ধরা।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামের ভাষ্য, দুটি গাড়িতে করে র্যাবের বেশ কয়েকজন সদস্য বরমা চৌরাস্তায় আসেন। এ সময় তারা মোশারফের দোকানে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেন। মোশারফকেও আটক করা হয়। সেখানে উপস্থিত একটি পক্ষ দাবি করে, মোশারফকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। শত্রুতার জের ধরে একটি পক্ষ তাঁকে ফাঁসিয়েছে।
তিনি বলেন, মোশারফকে ছিনিয়ে নিতে স্থানীয় শতাধিক লোক র্যাব সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত লোক এসে যোগ দেন। র্যাবের কাছ থেকে মোশারফকে ছিনিয়ে নেওয়ার পর তাদের দুটি গাড়ি আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত বরমা চৌরাস্তা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক সমকালকে বলেন, র্যাব-১ এর সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়েছিলেন। স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই এলাকার জহিরুল ইসলাম লিটন নামে একাধিক মামলার আসামি গত শুক্রবার রাতে বরমা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। স্থানীয়রা জানান, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর রাতেই এলাকাবাসী জড়ো হয়ে ফাঁকা গুলি ছোড়ার প্রতিবাদ জানায়। রাত ৩টা পর্যন্ত বিক্ষোভ করতে থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদের সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
- বিষয় :
- গাজীপুর
- র্যাব
- আসামি ছিনতাই
