রাজশাহী-ঢাকা পথে বাস চলাচল বন্ধ
বেতন বৃদ্ধির দাবি
বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১৮ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:২১
রাজশাহী-ঢাকা পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। বাসের চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রোববার রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আজ সকাল থেকে বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে কিছু বাস বিকল্প ব্যবস্থায় চলছে।
শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা রুটের বাসের স্টাফদের বেতন খুব কম। ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী-ঢাকা যাওয়া-আসায় চালকদের প্রতি ট্রিপে বেতন দেয় ১১০০ টাকা। সুপারভাইজারদের দেয় ৫০০ টাকা ও চালকের সহকারীকে দেওয়া হয় ৪০০ টাকা। এছাড়া দেশ ট্রাভেলসে চালকদের দেওয়া হয় ১২০০ টাকা বেতন। তারা দুই হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন।

চালকরা বলেন, ১০ বছর থেকে একই বেতন দেওয়া হচ্ছে। মালিককে বললেও বেতন বাড়াচ্ছেন না। এর আগেও গত ২৩ আগস্ট একই দাবিতে ন্যাশনাল ট্রাভেলস বন্ধ রাখা হয়। সে সময় কর্তৃপক্ষ দুইদিনের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও কার্যকর হয়নি। এবার অন্য সব বাসের শ্রমিকরা একাত্মতা ঘোষণা করে বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। এর আগে আমরা মালিকদের সঙ্গে বসেছিলাম। মালিকরা ১০০ টাকা বাড়াতে চেয়েছেন। কিন্তু শ্রমিকরা মানেননি।
- বিষয় :
- বাস বন্ধ
- পরিবহণ ধর্মঘট
- বাস চলাচল
