ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাদের সিদ্দিকী বললেন

বন্দুকও কিছু করতে পারবে না, যেদিন রাস্তায় নামব

বন্দুকও কিছু করতে পারবে না, যেদিন রাস্তায় নামব
×

বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:৩৩

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযোদ্ধারা একত্রিত হবেন। তাদের সভা ১৪৪ ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা ন্যক্কারজনক। আমার মরার ভয় নেই। আমি চাই, দেশে শৃঙ্খলা থাকুক। যেদিন আমরা রাস্তায় নামব, সেদিন কামান-বন্দুকও কিছু করতে পারবে না। মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়। এটা তো একটা রেকর্ড হয়ে রইল। গতকাল সোমবার বিকেলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, যারা চব্বিশে বিজয়ী হয়েছে, তারা যদি এখন এভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না। সেটা আমার ভয়। সে জন্য তাদের সফল হওয়া উচিত ছিল।

আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয়, তাতেই রাজি। সরকারকে বলছি, যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন, শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। আমার বাসায় আক্রমণ করেছে, যদি এটা সম্ভব হয় তাহলে এদেশের সবার বাসায় আক্রমণ করা সম্ভব। 
কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয় কাদেরিয়া বাহিনী। কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা বিকেলে শহরে কাদের সিদ্দিকীর বাসভবন থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের অনুরোধে তারা বাসভবনের নিচতলায় সমাবেশ করেন। এ সময় কাদের সিদ্দিকী ছাড়াও যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, ফজলুল হক, সানোয়ার হোসেন সজীব, রাহাত হাসান টিপু প্রমুখ বক্তব্য দেন।
 

আরও পড়ুন

×