শার্শা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষ আটক
আটকদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। ছবি: সমকাল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:১৬
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
আজ বুধবার ভোরে সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে মোকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার পশ্চিম সেনপাড়ার হুমায়ুন তালুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) ও যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কায়বা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদে কায়বা বিওপি বিজিবির একটি দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় পাঁচজন নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- অনুপ্রবেশকারী
- শার্শা
- আটক
