ভোট আসে ভোট যায় রাস্তা আর হয় না
.
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:২০
ভোটের সময় এলেই মেম্বার-চেয়ারম্যানরা বলেন, রাস্তা করে দেবে। কিন্তু ভোটের পরে আর খোঁজ নেন না। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তা আর হয় না। গাড়ি উল্টে যাচ্ছে, অ্যাকসিডেন্ট হচ্ছে। কত কষ্ট করে যে যাওয়া-আসা করে মানুষ। ফিরোজা খাতুনের (৫০) কথায় আক্ষেপের সুর। তিনি কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোঁপুকুরিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
সোঁপুকুরিয়া মসজিদ মোড় থেকে কাশেমের বাড়ি পর্যন্ত সড়কটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। এর দুই পাশে বসত করে কয়েকশ পরিবার। তাদের অভিযোগ, বারবার দাবি জানিয়েও গত ৭০ বছরেও সড়কটি পাকা করেনি সরকার। প্রায় ২০ বছর আগে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান ইট বিছিয়ে দিয়েছিলেন। পরে আর সংস্কার হয়নি। পুরো সড়কজুড়েই খানাখন্দ। এ কারণে এখান দিয়ে কোনো যানবাহনও যেতে চায় না।
ফিরোজার স্বামী শহিদুল ইসলামের ভাষ্য, ‘৭০ বছর ধরে রাস্তা খারাপ। কোথাও পাড় ভাঙা, কোনো জায়গায় গর্ত। বৃষ্টি হলে চলাই যায় না। রোগী, ছাওয়াল-পাওয়াল নিয়ে কষ্টের শেষ নাই। রাস্তাডা পাকা হলিই ভালো হতো।’
সম্প্রতি সরেজমিন ওই সড়কের দুই পাশের মানুষের দুর্ভোগের কথা শোনেন এই প্রতিবেদক। ওই গ্রামের আবুল প্রামাণিক শারীরিকভাবে প্রতিবন্ধী। তিনি বলেন, ‘ভালো মানুষই চলতে পারে না। আর আমি তো শারীরিক প্রতিবন্ধী। কষ্টের কথা বলার জায়গা নেই। ভোটের সময় নেতারা আসে। প্রতিশ্রুতি দেয়, রাস্তা করে দেব। ভোট গেলে আর কেউ খোঁজ নেয় না।’
এই গ্রামে ৪০ বছর আগে বিয়ে হয়েছে ফারজানা আক্তারের। তিনি বলেন, ‘আপদে-বিপদে একটা ভ্যানও আসতে চায় না। বিয়ের গাড়ি পর্যন্ত উল্টে গেছে এই রাস্তায়। আশপাশের সব রাস্তা পাকা। কিন্তু এইডা পাকা হয় না।’ নবম শ্রেণির ছাত্রী রায়শা রহমান বলল, বৃষ্টির সময় কাদাপানি জমে থাকে। দুর্ঘটনা ঘটে, পোশাক নষ্ট হয়।
মসজিদ মোড় থেকে কাশেমের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটির কারণে ৩০০-৪০০ পরিবারকে দশকের পর দশক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ তথ্য জানিয়ে মাহবুব আলম মুকুল নামের এক ব্যক্তি বললেন, সড়কটি কার্পেটিং করলে এই ভোগান্তি কমত। এ জন্য তারা মানববন্ধনও করেছেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী নাজমুল হকের ভাষ্য, বরাদ্দের অভাবে সড়কটি এতদিনেও পাকা করা যায়নি। এটি পাকাকরণের তালিকায় তোলা হয়েছে। আর ইউএনও এস এম মিকাইল ইসলাম জনস্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে ওই সড়কটি পাকাকরণের আশ্বাস দেন।
- বিষয় :
- রাস্তা সংস্কার
