ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
×

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস ভাঙচুরের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে এক বছর এবং বাকি তিনজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এক বছরের জন্য বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার নাজিম ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান সায়েম। ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন– মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুল মান্নান লুমান, সৈয়দ সাজিদ হোসেন ও তাকবির হাসান হৃদয়।

গত ২২ জানুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসবি পরিবহনের একটি বাসের সুপারভাইজারের খারাপ ব্যবহারের অভিযোগে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বাসটি আটক করেন। কয়েকজন বাসে ভাঙচুরও চালান। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, সিন্ডিকেটে তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। 

আরও পড়ুন

×