‘কিছু বুঝে উঠার আগেই রড দিয়ে আমাদের পেটানো শুরু করে’
মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা
জলদস্যুদের হাতে অপহরণের শিকার নিশান উদ্দিন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:২২
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় মাছধরা একটি ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। শনিবার গভীর রাতে নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। সেখান থেকে ঘাটে ফিরে জেলেরা এ ঘটনার কথা জানিয়েছেন।
জেলেরা জানান, ১৬ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলারে শুক্রবার সাগরে তারা মাছ ধরতে যান। শনিবার রাতে হঠাৎ জলদস্যুরা তাদের আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় আমাদের। এতে চারজন সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকেন। এ সময় নিশান উদ্দিন (২২) নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। যাওয়ার সময় তারা ইঞ্চিনের বিভিন্ন অংশ ভেঙে বিকল করে দেয়। অনেক কষ্টে ট্রলারের ইঞ্জিন মেরামত করে রোববার রাতে ঘাটে ফেরেন তারা।
অপহৃত নিশান উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাগপাশন গ্রামের মো. সারু স্যারাং -এর ছেলে। হামলার সময় জলদস্যুরা ট্রলারের মাছ, জাল, জ্বালানি তেলসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় আহত হয়েছেন ট্রলারের পাঁচ মাঝিমাল্লা।
জেলেরা জানান, হামলায় সাগরে লাফিয়ে পড়ে ভাসতে থাকা জেলেদের পরে উদ্ধার করা হয়। জলদস্যুরা ট্রলারের মালামাল লুট করে নিয়ে গেছে। একপর্যায়ে তারা ইঞ্চিনের বিভিন্ন অংশ ভেঙে বিকল করে দেয় এবং নিশান উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
ট্রলারের মাঝি জামসেদ উদ্দিন জানান, জলদস্যুদের কাছে অনেক আগ্নেয়াস্ত্র ছিল। তাদের কথায় বোঝা গেছে, জলদস্যুদের বাড়ি চট্রগ্রামের কোনো উপজেলায় হতে পারে। তাদের হামলায় ৪ থেকে ৫ জন জেলে আহত হয়। অনেকের মাথা ও পায়ে রক্তক্ষরণ হয়েছে।
এ বিষয়ে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডাকাতি হওয়ার ঘটনা শুনেছি। এ নিয়ে জেলেরা এখনও কোনো অভিযোগ দেয়নি। নিখোঁজ জেলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
