বাড়িতে ঢুকে গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার-টাকা লুট
প্রতীকী ছবি
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:০৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:১৮
খুলনার কয়রায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই প্রধান শিক্ষকের গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। ভয়ে তিনি দুই দিন বাড়ি থেকে বের হননি।
এলাকাবাসী জানিয়েছে, সম্প্রতি কালিকাপুরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গ্রামের মানুষের মনে চুরি-ডাকাতির আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসনও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।
ভুক্তভোগী শংকর চন্দ্র মণ্ডল উপজেলার মধ্য মহেশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর ভাষ্য, শনিবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। শব্দ শুনতে পেয়ে তিনি ঘরের দরজা খুলে বাইরে এলে হামলাকারীরা তাকে জাপটে ধরে চোখ বেঁধে ফেলে। পরে তার স্ত্রী বেরিয়ে চিৎকারের চেষ্টা করলে দুর্বৃত্তরা তার (শিক্ষকের) গলায় দা ধরে হত্যার হুমকি দেয়। এরপর পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন লুটে নেয়।
শংকর মণ্ডলের প্রতিবেশী গ্রামপুলিশের সদস্য পরিমল মণ্ডলের ভাষ্য, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি এলাকায় ডাকাতির খবর পান। দ্রুত গিয়ে দেখেন, শিক্ষক শংকর মণ্ডল অচেতন হয়ে পড়ে আছেন। পাশে তার পরিবারের লোকজন বসে আছেন। পরে তিনি বিষয়টি থানায় জানান।
কিছুদিন আগে একই এলাকার আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতি হয়েছে জানিয়ে পরিমল মণ্ডল বলেন, ওই বাড়ি থেকেও সোনার গহনা, টাকা নিয়ে গেছে ডাকাতরা। এ ছাড়া চেতনানাশক দিয়েও চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে এলাকায়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ওই শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় আশপাশের মানুষ উদ্বিগ্ন। এলাকাটি থানা থেকে কয়েক কিলোমিটার দূরে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে সময়মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছতে পারেন না। রোববার ওই শিক্ষক বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
- বিষয় :
- খুলনা
- ডাকাতি
- স্বর্ণালংকার
