কমলনগরে ট্রাকচাপায় নিহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ০৬:০৭ | আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ | ০৭:০৩
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার সংলগ্ন ভাইস চেয়ারম্যান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করুণানগর এলাকার বাসিন্দা পার্থ কুমার দাস (৪৭) ও একই এলাকার রুপক মণ্ডল (২৯)।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরগামী মাছবাহী একটি ট্রাক বিপরীতগামী তোরাবগঞ্জ থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রুপক মণ্ডল ঘটনাস্থলেই মারা যান এবং অন্য আরোহী স্বেচ্ছাসেবক লীগ নেতা পার্থ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
